জাতীয় ঐক্যের আহ্বানে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের পূর্ণ সমর্থন

0
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার জাতীয় ঐক্যের আহ্বানে পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বিদেশি মদতপুষ্ট কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার জাতীয় ঐক্যের আহ্বানে পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

বৃহস্পতিবার এনইসি সভাপতি শফিক রেহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের যৌথ বিবৃতিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসী তৎপরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকদের চালানো সহিংসতার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আর জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের এই ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়া উচিত বলে মনে করে এনইসি।

এনইসি আরও মনে করে, জুলাই বিপ্লবে দেড় হাজার মানুষের আত্মত্যাগ ও বিশ হাজার মানুষের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, তা সুদৃঢ় করতে সব ধরনের বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিবৃতিতে পরাজিত তাঁবেদার শক্তির দেশবিরোধী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের বিকল্প নেই বলে উল্লেখ করে ক্ষমতাসীন ও বিরোধী দলের উদ্যোগকে স্বাগত জানানো হয়। এনইসির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এই বিবৃতি পাঠান।