গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি

0
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি বদলি) করা হয়েছে। গত রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এই বদলির তথ্য জানানো হয়।

বদলি হওয়া পুলিশের তিন কর্মকর্তা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

চিঠিতে জানানো হয়েছে, এই তিন কর্মকর্তাকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে অন্যত্র বদলি করা হয়েছিল।

উল্লেখ্য, গত রোববার দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো সহিংসতার ঘটনা ঘটে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।