রামপালে সন্ত্রাসবিরোধী অভিযানে একরামুল হক রাজিব গ্রেপ্তার

0
রামপালের ফয়লা এলাকা থেকে আটক একরামুল হক রাজিবকে সন্ত্রাসবিরোধী মামলায় বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে এবং নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।। ছবি: সংগৃহীত

রামপাল (বাগেরগাট) সংবাদদাতা ॥ রামপালে সন্ত্রাসবিরোধী অভিযানে একরামুল হক রাজিব ওরফে সন্ত্রাসী রাজিবকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধ মহড়া চলাকালে উপজেলার ফয়লা এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

অভিযোগ রয়েছে, তিনি ফয়লা এলাকায় সরকারবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে লোকজন জড়ো করার চেষ্টা করছিলেন। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী একটি মামলায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়।

রামপাল থানা পুলিশ এবং স্থানীয় ফয়লাহাট এলাকার বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইকরামুল হক রাজিব উপজেলার বাঁশতলী গ্রামের মৃত মিকাইল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতাদের গুলি করে হত্যাচেষ্টার অভিযোগসহ বিভিন্ন মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদের পক্ষে রামপালে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে আসছিলেন তিনি। রাজিব আটকের খবরে বাঁশতলী এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান রাজিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, রামপালের কোথাও কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।