১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা-আগুন, সর্বোচ্চ গোপালগঞ্জে

0
১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের তথ্য উঠে এসেছে; সবচেয়ে বেশি আটটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত দেশের ৪০টি জেলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক-এর ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আটটি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলায়, আর দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুর-এ। বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক নোটে এই চিত্র উঠে এসেছে।

নিরীক্ষা নোটে উল্লেখ করা হয়, যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল; ১০ নভেম্বর ছিল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট, এরপর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে এবং বৃহস্পতিবার দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ পালনের ঘোষণা রয়েছে।

গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার—যার মধ্যে সর্বোচ্চ ৩০টি ঘটেছে বুধবার দিবাগত রাতে এবং আগের দিন ঘটেছে ১৯টি। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মাঠপর্যায়ের শাখার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।

পেট্রল ঢেলে আগুন দেওয়া ও পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের বাইরে সাতটি ঘটনায় হামলাকারীরা আগুন দেওয়া বা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি। এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে, দুটি ঘটনায় কেরোসিন, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে।

অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য অনুযায়ী, এসব ঘটনার সাতটিতে ব্যাংকের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, একটিতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে, ৪৮টি ঘটনায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি এবং এর মধ্যে ১২টি ঘটনায় জিডি প্রক্রিয়াধীন আছে।

গ্রামীণ ব্যাংকের উদ্বেগ

বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এতে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তিতে সেই প্রশ্ন তুলে সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা এবং সারা দেশে শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে এবং সঠিক তথ্যের জন্য নিকটস্থ শাখা বা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।