চৌগাছার ১০০ শয্যা সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

0
চৌগাছা সরকারি হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও চলাচলের দৃশ্য ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি চৌগাছা সরকারি হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।

এরপর তিনি হাসপাতালের ১০০ শয্যা নতুন বহুতল ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং দুপুরে নতুন ভবনের সভাকক্ষে মতবিনিময় সভায় অংশ নেন। ওই সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, সুশীল সমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, যশোরের চৌগাছা সরকারি হাসপাতাল যখন ৫০ শয্যার ছিল, তখন একবার বা দুইবার নয়, দশবার দেশসেরার গৌরব অর্জন করেছিল। সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং বেশ কিছু দেশের সাংসদরা হাসপাতালে এসে কীভাবে হাসপাতালটি বারবার দেশসেরা হচ্ছে, সে বিষয়ে খোঁজ নিয়েছেন এবং চৌগাছা হাসপাতালের কার্যক্রম ওই সব দেশের হাসপাতালেও চালু করেছেন।

তবে মাঝে বেশ কয়েক বছর সেই সুনাম ধরে রাখা যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, কী কারণে হঠাৎ এমনটি হয়েছে, তা সবাইকে খতিয়ে দেখতে হবে এবং হাসপাতালের চিকিৎসকসহ যেসব বিষয়ে ত্রুটি আছে, সেগুলো খুঁজে বের করে দ্রুত সমাধানে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে; কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

যশোরের চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের উপস্থিতিতে মতবিনিময় সভার দৃশ্য ।। ছবি: লোকসমাজ

মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ ছাড়া যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চৌগাছা হাসপাতাল দশবার দেশসেরা করার কারিগর হিসেবে উল্লেখিত চিকিৎসক আব্দুর রাজ্জাক ও ইমদাদুল হকসহ উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জামায়াতের উপজেলা শাখার আমীর মাও. গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।