অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে— ‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী

0
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: পিএমও

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের চলমান প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অগ্নি সন্ত্রাস ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে, যথেষ্ট হয়েছে এবং আর নয়।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে চব্বিশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করা সব রাজনৈতিক দলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।

সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ আর গুম-খুন, অগ্নি সন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না; তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে জবাব দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ওই গোষ্ঠী ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে জোর করে দেশ শাসন করেছে, মানুষের কথা বলার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং ২০১৪, ২০১৮ সালের মতো নিশিরাত ও আমি-ডামির নির্বাচন করেছে।

তিনি প্রশ্ন তোলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি, কেন এই এলাকায় গ্যাসলাইন ও ইপিজেড করেনি। তাঁর অভিযোগ, দেশের মানুষের প্রতি দরদ না থাকায় প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এবং সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া সেই গোষ্ঠী প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ভোট ও কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের অধিকার আবার কেড়ে নেওয়ার অনুমতি দেওয়া হবে কি না—জনতার কাছে এমন প্রশ্ন রেখে তারেক রহমান ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে

আওয়ামী লীগকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় থাকতে তারা লুটতরাজ, নির্যাতন ও গুম করেছে এবং পালিয়ে যাওয়ার পরও আবার আগুন সন্ত্রাস ও মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। ক্ষমতা ধরে রাখতে ১৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।

লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল জানিয়ে তিনি ভবিষ্যতেও একই অবস্থানে থাকার আশা প্রকাশ করেন। পাশাপাশি শিল্প-কলকারখানা ও উৎপাদন বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান জানান, মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে কৃষকরা সেচের সুবিধা পাবেন এবং খালের পাশের বাসিন্দারা পানির কষ্ট থেকে কিছুটা মুক্তি পাবেন। খালটিকে দূরত্ব অনুযায়ী ভাগ করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এতে সেখানে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। বিএনপি সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে বলেও জানান তিনি।

আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড

তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে দেশের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং কে কাকে ভোট দিয়েছে তা না দেখেই এই কার্ড দেওয়া হবে।

তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে উল্লেখ করে তিনি জানান, আগামী মাস থেকে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার বা নারী মাস শেষে আড়াই হাজার টাকা করে পাবেন।

এ ছাড়া কৃষক ভাইদের বছরে দুটি ফসলের অন্তত একটিতে সরকারি সহযোগিতা দিতে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি এ বছর দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানীর ব্যবস্থা করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বইয়ের পাশাপাশি দেওয়া হবে স্কুল ড্রেস

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতি বছরের শুরুতে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, আগামী এক-দুই মাসের মধ্যে ছেলেমেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকারি উপবৃত্তি দেওয়া শুরু হবে।

এ ছাড়া খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে এই অঞ্চলসহ রংপুর বিভাগে শিল্প-কারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সমস্যা অনেকটাই দূর হবে। গত কয়েক মাসে পাঁচ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আরও কম খরচে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রচেষ্টার কথা জানান।

এর আগে সকালে হেলিকপ্টারে করে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছান প্রধানমন্ত্রী এবং সফরের নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারেই ঢাকায় ফেরার কথা রয়েছে। মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের সময় পথের দুই ধারে সাধারণ মানুষের ভিড়, শিশুদের বর্ণিল ডিসপ্লে এবং নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় এলাকা।

খাল পুনঃখনন উদ্বোধনের পর লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি। এ ছাড়া অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন ও ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।