‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আইসিজে

0
রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচার মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আইসিজে। সাত বছর ধরে বিচারকাজ পরিচালনার পর আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার ঘোষিত রায়ে এ কথা জানান।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আদালতটির সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি জানান, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই অভিযানে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়, শিশুদের ওপর চরম সহিংসতা করা হয় এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

জেনোসাইডের লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এসব কর্মকাণ্ড চালিয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেন ইয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, ২০১৭ সালে ওই অভিযান ঘিরে সৃষ্ট পরিস্থিতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংসতার অনুকূল পরিবেশ তৈরি করেছিল এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।

রায় ঘোষণার সময় আন্তর্জাতিক বিচার আদালতের ভেতরের চিত্র ।। ছবি: সংগৃহীত

আদালতের সামনে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনায় নিলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জেনোসাইড-এর লক্ষ্য নিয়ে কাজ করেছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় বলেও জানান এই বিচারক।

২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। নিষ্ঠুরতার মুখে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা, যাঁরা এখনো কক্সবাজার ও নোয়াখালীর ভাসান চরের শরণার্থীশিবিরে রয়েছেন।

রোহিঙ্গাদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জেনোসাইড সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা করেছিল গাম্বিয়া।