নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিসহ ঢাকায় ২৪ ঘণ্টায় ১০৭ জন গ্রেপ্তার

0
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠনের ১০৭ ব্যক্তিকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), যাঁদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে উত্তরা থেকে নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রাতে তেজগাঁওয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৪ জনের নাম–পরিচয়ও প্রকাশ করেছে ডিএমপি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী।

গ্রেপ্তার ১৪ জন হলেন মো. রমজান হোসেন (২৩), মো. শহিদুল ইসলাম (২৯), আবদুর রাজ্জাক কায়েস (২৬), মো. আবদুল আজিজ (৪২), মো. আমিন (২৬), মো. মাহিন (২৫), মো. সানাউল্লা (৬০), রাশেদ সরদার (৪০), এম এ হাকিম, গোলাম রব্বানী শামীম, মো. ইব্রাহিম আকন্দ (২৫), মো. সালাউদ্দিন শাকিল (৪৩), মো. নুরুন্নবী (২৭) ও সাইফুল ইসলাম (২৭)।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া গতকাল রাতে মিরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শামীম হোসাইন, শরিফ সাইফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আসলাম হক ও নাজমুল হক।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাঁদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।