মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

0
মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু ।। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে এয়ার কন্ডিশনার (এসি) সিস্টেমের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট দুর্ঘটনায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকালে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম আজ সকাল সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, গত মধ্যরাতে হাসপাতালটির একটি নির্দিষ্ট ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ছয় শিশু মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্ডের এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস লিকেজ ঘটে। এর ফলে তীব্র সাফোকেশন (শ্বাসকষ্ট) বা অন্য কোনো জটিলতা তৈরি হলে শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং একপর্যায়ে তাদের মৃত্যু ঘটে।

ঘটনার পর থেকে পুরো হাসপাতাল জুড়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের ক্রাইমসিনসহ একটি তদন্ত দল বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি তদন্তে কাজ শুরু করেছে।