আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি: শফিকুর রহমান

0
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক, হাসপাতাল বন্ধ কাম্য নয়’; মগবাজার আদ্‌-দ্বীন প্রসঙ্গে জামায়াতের আমির ।। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

একই দিন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো চিঠিতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়।

শফিকুর রহমান পোস্টে লেখেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে, যা মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও লেখেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ চিহ্নিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং জনগণের আস্থার প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করায় শেষ পর্যন্ত ক্ষতি জনগণেরই হলো।

হাসপাতালটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল উল্লেখ করে শফিকুর রহমান প্রশ্ন রাখেন, এখানে সম্ভবত ৪০০ থেকে ৫০০ মেডিকেল শিক্ষার্থী পড়াশোনা করেন এবং নার্সিং কোর্সও চালু রয়েছে — এখন তাঁরা কোথায় যাবেন।

শিক্ষার্থীসহ জনগণের স্বার্থে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি লেখেন, কারও দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।