ছয় নবজাতকের মৃত্যু, কারণ দর্শানোর জবাব অসন্তোষজনক-আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

0
মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু; তদন্ত কমিটির রিপোর্টের পর লাইসেন্স বাতিল ।। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনার ধারাবাহিকতায় জানা যায়, ছয় নবজাতকের মৃত্যুর পর দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ ১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন হাসপাতালটিকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ৭ জুন বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে বলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সময় বাড়ানোর আবেদন করলে ৯ জুন বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। কিন্তু ৯ জুন দেওয়া জবাব ও ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় অধ্যাদেশের ১১(২)(খ) ধারা অনুযায়ী আজ লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে আরও জানানো হয়, একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আইনি সুযোগ রয়েছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, লাইসেন্সবিহীন হাসপাতালে রোগীর চিকিৎসা নেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসাধীন রোগীদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের অনুরোধ করা হয়েছে এবং প্রয়োজনে সহায়তা চাইলে তা দেওয়া হবে বলেও তিনি জানান।