ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

0
‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’: ঝিকরগাছায় ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে প্রশাসন, রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিরা ।। ছবি: লোকসমাজ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাফফাত আরা সাঈদের নেতৃত্বে র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরের ভবনগুলোর আশপাশের ড্রেনেজ ব্যবস্থা, অবাঞ্ছিত গাছপালা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিদর্শন করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে সরাসরি নির্দেশনা দেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ডা. আব্দুর রশিদের তত্ত্বাবধানে পরিচালিত এই র‍্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান আলী, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মজিদ, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন ও মো. কামরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আখি খাতুন, সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।