ঢাকার পর এবার নারায়ণগঞ্জে গুলির খোসাসহ মিললো ‘পেনগান’

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার পর এবার নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্র ‘পেনগান’। গুলির খোসাসহ একটি ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রোববার (১৪ জুন) দুপুরে র‍্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-১১’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে ফতুল্লা নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেনগান ও এর একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

উদ্ধার করা পেনগান ও তার খালি খোসার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে একই ধরণের একটি ‘পেনগান’ উদ্ধার করে পুলিশ।