বিজয়ের ৫০ বছর

0

মাসুদ রানা বাবু ॥ ১৩ ডিসেম্বর ১৯৭১। বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এদিকে, পাকিস্তানের অখন্ডতা রক্ষায় মরিয়া হয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয়বারের মত ভেটো দেয় রাশিয়া। আর প্রস্তাব নাকোচ হয়ে যাওয়ায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আন্তর্জাতিক বড় বাধা দূর হয়। অন্যদিকে, পাকিস্তানের কৌশল বুঝতে পেরে রণাঙ্গণে আরও তৎপরতা হয়ে উঠে মিত্রবাহিনী। মিত্রবাহিনীর অগ্রবর্তী দল তখন ঢাকার কাছাকাছি। শীতলক্ষা নদীর তীরে দখলদার পাকিস্তানিরা একদিকে যেমন দিশেহারা, তেমনি পরাজয়ের ভয়ে ভীত। ঢাকার আকাশে-বাতাসে তখন উড়ছে পাকিস্তানিদের উদ্দেশ্যে। আত্মসমর্পণের আহ্বান জানানো লিফলেট। গভর্নর হাউসে অবস্থানকারী পাকিস্তানের প্রাদেশিক সরকার পদত্যাগ করে আশ্রয় নেয় হোটেল ইন্টার কন্টিনেন্টালে। আর বাংলার ভাগ্য আকাশে তখন চূড়ান্ত জয় নিশান, মুক্তির উত্তেজনা চারদিকে। একের পর এক আসতে থাকে হানাদার বাহিনীর পলায়ন ও পতনের সুসংবাদ।