সিসিইউ ও আইসিইউ চালুর প্রধান বাধা, লিফট সম্প্রসারণের কাজ শুরু

0
ছবি: লোকসমাজ।

বি এম আসাদ ॥ যশোর করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও সরকারি আইসিইউ চালুর ক্ষেত্রে দীর্ঘদিনের প্রধান বাধা- ভবনের লিফট ঊর্ধ্বমুখী সম্প্রসারণের (এক্সটেনশন) কাজ শুরু হয়েছে। লিফট ঊর্ধ্বমুখী সম্প্রসারিত হৃদরোগী ও মুমূর্ষু রোগীদের ওয়ার্ডে যাতায়াতের পথ সুগম হবে।

সোমবার ৪৩ লাখ টাকা ব্যয়ের সিসিইউ ভবনের লিফট সংযোজন ও সম্প্রসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারির সময় স্থানীয় উদ্যোগে একটি বেসরকারি আইসিইউ চালু করা হলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সেখান থেকে সীমিত সেবা পাওয়া যেত। পরবর্তীতে সিসিইউ ভবনের চতুর্থ তলায় সরকারি আইসিইউ ও অন্যান্য ইউনিট নির্মাণের কাজ শেষ হলেও লিফট না থাকায় কয়েক বছরেও তা চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে ৩য় তলা থেকে ৪্থ তলা পর্যন্ত মাত্র ১০ ফুটের লিফট সংযোগের অভাবে এই আধুনিক চিকিৎসাসেবা স্থবির হয়ে ছিল।

পরবর্তীতে বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই লিফট সংকট দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রীর সরাসরি পদক্ষেপে এই নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

নির্মাণকাজ বাস্তবায়নকারী ‘ক্রিয়েটিভ কোম্পানি’র সিনিয়র টেকনিশিয়ান ফিরোজ শেখ জানান, পুরনো লিফটের ইলেকট্রিক ইকুইপমেন্ট, ভোল্টেজ স্টেবিলাইজার, এআরডি, বিএফ, এমডিপি বক্স ও কন্ট্রোল বক্স খুলে নতুন সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে চলছে। খুব শিগগিরই লিফটটি চালু হলে সরকারি নতুন আইসিইউ এবং করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ সেবা জনগণের জন্য উন্মুক্ত হবে।

লিফট সম্প্রসারণের কারণে আগামী দেড় থেকে দুই মাস লিফট বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় রোগীদের হুইলচেয়ার বা স্ট্রেচারে করে ৩য় তলায় নিতে হবে। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।