বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় মাঠে থাকবে: নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমরা চাই দেশের মালিক জনগণই সিদ্ধান্ত নিক কারা দেশ পরিচালনা করবে। জনগণের স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটির বাস্তব প্রতিফলন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই চক্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্রের নতুন সূর্যোদয় ঘটাতে হবে।

তিনি বলেন, রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করেছি। এই অর্জনকে নস্যাৎ করতে বিভিন্ন মহল থেকে উসকানিমূলক কথা বলা হচ্ছে, যা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে ৬০টি অস্বচ্ছল পরিবারের মধ্যে এক বস্তা করে চাল উপহার হিসেবে দেওয়া হয়।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। প্রতিটি সংকটে, সমস্যায় এবং আনন্দের মুহূর্তে তারা জনগণের পাশে ছিল, যা প্রমাণ করে তাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর ধরে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এই লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মীর জীবন দিয়েছেন এবং রক্তের সাগর পাড়ি দিয়েছেন শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানাসহ অনেকে।

এছাড়া আর.এন রোডস্থ নতুন বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি আর.এন রোড, চৌরাস্তার মোড় ও চিত্রা মোড় হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।