জ্বালানি তেলের দাম বাড়ল : লিটারে ২০টাকা ডিজেল, পেট্রল ও অকটেনের

0
জ্বালানি তেলের দাম বাড়ল
রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার খবরে গভীর রাতে যশোরের ফিলিং স্টেশনের ভিড় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের - ছবি : হানিফ ডাকুয়া

লোকসমাজ ডেস্ক: দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন ঘোষণায় ডিজেল, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কেরোসিনের দামও ২০ টাকা বাড়ানো হয়েছে।

রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়লজ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বাড়লেও গত পাঁচ মাস দেশে দাম অপরিবর্তিত রাখা হয়। একই সময়ে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য তুলনামূলক কম ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও সরকার দীর্ঘ সময় জনস্বার্থে অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয় করেনি। এর ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসানের মুখে পড়েছে।