ঢাকার হাতিরঝিল থেকে শার্শা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন আটক

0

স্টাফ রিপোর্টার,লোকসমাজ : যশোরের শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে হাতিরঝিল থানার একটি দল তাকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
তিনি গণমাধ্যমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন আমাদের থানার এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
তবে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহরাব হোসেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ক্যাডার হিসেবে কুখ্যাতি রয়েছে তার। র‌্যাবের একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তার আটকের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আরও জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে উপজেলায় ক্ষমতার অপব্যবহারকারীদের মধ্যে অন্যতম ছিলেন যুবলীগের এই নেতা।