মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ড্রাগন ফলের বাগানে কাজ করার সময় সাপের কামড়। ওঝার কাছে ঝাড়ফুঁকের পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু।

0
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে ওহিদুল ইসলাম নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। বাগান সুরক্ষায় দেওয়া নেটের মধ্যে পেঁচিয়ে থাকা একটি সাপ হঠাৎ তাঁর পায়ে কামড় দেয়।

সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক চলার একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।