জীবননগরে সন্তানের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগে মা আটক

0
ছবি: সংগৃহীত।

মো. নুর আলম,জীবননগর (চুয়াডাঙ্গা) ॥ জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী সন্তানের মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগে মা সোনিয়া খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মৃগমারী গ্রামে ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানিয়েছেন, রোববার সকালে মো.আলামিন(৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে দুজনই লাঠি দিয়ে মারামারি করেন। পরে আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে সোনিয়া খাতুন ঘুমিয়ে থাকা তার নিজের কন্যা আনিকা খাতুনের মুখে ঘরে থাকা ঘাসপোড়া কীটনাশক ঢেলে দেয়।

বাড়ির সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় শিশু আনিকাকে নিয়ে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ। তিনি বলেন, সোনিয়া খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।