প্রেম প্রতারণা হিজড়ার, যুবককে অপহরণ করে আটক ৯

0

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেয়ে ভেবে হিজড়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন জাহাঙ্গীর আলম। গত রোববার বিকেলে যশোরে প্রেমিকার সাথে দেখা করতে এলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে এবং ৯ হাজার টাকা কেড়ে নেয়। ওই হিজড়ার নেতৃত্বে তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিলো। যশোর শহরের লোন অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত হিজড়াসহ ৯ জনকে আটক করেছে।
আটকরা হলো, লোন অফিস পাড়ার আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনের জনৈক অলিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া সুকুমার বিশ্বাসের সন্তান মুক্ত কুমার বিশ্বাস ওরফে অনিক (২৩), কাঠেরপুল মসজিদের পেছনের জসিম মোল্লার ছেলে লিমন মোল্লা (১৯), বারান্দী খালধার রোডের রবিউল ইসলামের ছেলে হাসিব কাজী (১৯), লোন অফিস পাড়ার শেখ আমিন উদ্দিনের ছেলে শেখ আব্দুল্লাহ আল কাফী (১৯), রফিকুল ইসলাম লিটনের ছেলে তাইম ওরফে তানভীর এলাহী তাহিন (১৯), জামাল ফারাজীর ছেলে মুন্না হোসেন (১৯), লোন অফিস পাড়ার আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশের রাজ্জাক হোসেনের ছেলে শাহাজুল ইসলাম (২০), পূর্ব বারান্দী মাঠপাড়ার জসিম হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে রায়হান (১৯) ও মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আব্দুল গফুরের ছেলে আকাশ বিশ্বাস (১৯)।
কোতয়ালি থানা পুুলিশের এসআই ইয়াসিফ আকবর জয় জানান, ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মুক্ত কুমার বিশ্বাস ওরফে অনিকের। এ সময় অনিক নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দেয়। মূলত অনিক হিজড়া। কিন্তু মেয়ে ভেবে তার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলেন জাহাঙ্গীর। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরের লোন অফিস পাড়ায় আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে প্রেমিকার সাথে দেখা করতে আসেন তিনি।
এ সময় তিনি দেখতে পান, মেয়ে ভেবে যার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তুলেছিলেন সে হিজড়া। এ কারণে জাহাঙ্গীর সেখান থেকে চলে আসার চেষ্টা করলে হিজড়া অনিকের নেতৃত্বে তার সহযোগীরা জাহাঙ্গীরকে অপহরণ করে সি অ্যান্ড বি স্টাফ কোয়ার্টারের ভেতর নিয়ে যায়। তারা তাকে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে রাজি না হলে তারা তাকে মারধর করে ৯ হাজার টাকা কেড়ে নেয়। এরই এক পর্যায়ে জাহাঙ্গীর কৌশলে সেখান থেকে পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে গত রোববার দিবাগত রাত ১টার দিকে খালধার রোডের জনৈক আকবর আলীর ১০ তলা ভবনের সামনে অভিযান চালিয়ে উল্লিখিত ৯ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর ১২ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।