খুলনায় নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনার কয়রা উপজেলায় এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার সকালে এ ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। নির্যাতনের শিকার নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এই নারীর বাবার সঙ্গে চাচাদের বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইয়েরা এ ঘটনা ঘটিয়েছেন বলে তার স্বামীর অভিযোগ।
ওই নারীর স্বামী সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। একদিন পর কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পেয়ে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এরপর আবার জ্ঞান হারান।
তিনি আরও জানান, তার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি একই এলাকায়। তবে ঘটনাটি ঘটেছে বাবার বাড়িতে।
পারিবারিক জমি নিয়ে তার স্ত্রীর বাবা ও চাচাদের মধ্যে দ্বন্দ্ব আছে। বর্তমানে সেটি আদালতে বিচারাধীন উল্লেখ করে তিনি বলেন, “গত ১১ জুলাই আমার স্ত্রীর চাচা ও চাচাতো ভাইসহ ২৫ থেকে ৩০ জন লোক তার বাবার জমিতে ঘর তুলতে আসে। এ সময় সে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাইয়েরা তাকে সড়কের পাশের একটি মেহগনি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চলায়।”
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের শিক্ষানবিস চিকিৎসক তারেক আহমেদ বলেন, “রোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তবে বর্তমান অবস্থা কিছুটা ভালো।”