পাচার হওয়া ৬ নারীকে হস্তান্তর করলো ভারতের পুলিশ

0

 

বেনাপোল(যশোর) সংবাদদাতা॥ ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।দেশে ফেরা ওই ছয় নারীর বাড়ি যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও ঢাকার বিভিন্ন এলাকায়।ফেরত আসাদের একজন বলেন, দালালদের মাধ্যমে সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে যাই। এরপর বাসা বাড়িসহ বিভিন্ন কাজের সময় ভারতীয় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আদালত তিন বছরের সাজা দেয়। সেখান থেকে ভারতের একটি মানবাধিকার সংস্থা ছাড়িয়ে নিয়ে হায়দারাবাদের প্রাজালা শেল্টার হোমে রাখে। পরে দু‘দেশের মধ্যে চিঠি চালাচালির পর দেশে ফিরেছি। ওই শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি মেয়ে আছে। তারা দেশে আসার অপেক্ষায় রয়েছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।