কেশবপুরে অনুমতি ছাড়াই মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ কেটে বিক্রির অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ঝড়ে মরে যাওয়া দুটি গাছ কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়া কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এক অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, আম্ফান ঝড়ে বিদ্যালয় মাঠ ও মসজিদ প্রাঙ্গণের দুটি গাছ উপড়ে পড়ে মারা যায়। গত রোববার সকালে ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক গৌতম দত্তের লোক দিয়ে গাছ দুটি কাটানো হয়।

পরে গাছগুলো বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ছবি ও ভিডিও ধারণ করলে তোপের মুখে পড়ে কর্তৃপক্ষ। পরবর্তীতে গাছগুলো ফের বিদ্যালয়ের সামনে এনে রাখা হয়।

স্থানীয়দের ধারণা, কাটা গাছ দুটির বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। এগুলো বিক্রির উদ্দেশ্যেই সরিয়ে নেওয়া হচ্ছিল।

সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, গাছগুলো দীর্ঘদিন ধরে ঝড়ে পড়ে মরে গেলেও সম্প্রতি গোপনে সেগুলো কেটে বিক্রির পাঁয়তারা চলছিল।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্তের কাছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নেওয়া হয়েছে কি -না জানতে চাইলে তিনি বলেন, জানানো হয়নি।

অনুমতি না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন বা সিদ্ধান্ত অনুযায়ীই গাছগুলো কাটা হয়েছে, এখানে কোনো অনিয়ম হয়নি।

বিদ্যালয় এডহক কমিটির আহ্বায়ক মেহেরুন্নেসা একই সুরে জানান, গাছগুলো কাটার ব্যাপারে কমিটির সভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ জানান, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাকে কিছুই জানাননি। অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিভাবক ইকবাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।