কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দীন, শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ওবায়দুল্লাহসহ জেলা, সদর উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা সারাদেশে আওয়ামী লীগের কথিত অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা গোপালগঞ্জে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান হবে না। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জুলাইয়ের মতো আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় তারা আবু সাঈদ, মুগ্ধ ও হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বর,গাড়িখানা রোড ও চিত্রা মোড় প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় দলের নেতাকর্মীরা নানা স্লোগান দেয়।