তালায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আজ রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৯টি কেন্দ্রের মধ্যে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫৬৬ জন, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে ৪২৩ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩২৭ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৬৬ জন, খলিশখালী মাগুরা এস,সি কলেজিয়েট স্কুলে ৫০৬ জন,সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৪ জন, শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া দাখিল পরীক্ষায় পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৩৯৮ জন ও তালা ফাযিল মাদ্রাসায় ৩১৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৬৮ জন ভোকেশনাল শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ বলেন, এ বছর এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য ইতঃপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন উপজেলার সকল কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে।