বেসরকারি স্কুল ভর্তিতে নতুন নীতিমালা: প্রথম শ্রেণীতে লটারি, বাকি ক্লাসে পরীক্ষা

0
শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের বেসরকারি স্কুল ভর্তি নীতিমালা জারি করেছে। এতে প্রথম শ্রেণীতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তির নিয়ম রাখা হয়েছে।। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের জন্য বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নীতিমালা জারি করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে।

নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে।

নবম শ্রেণীতে ভর্তির জন্য অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর (বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিত ২০ নম্বর) এবং পরীক্ষার সময় এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণীর পরীক্ষার পূর্ণমান হবে ১০০ নম্বর (বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিত ৪০ নম্বর) এবং পরীক্ষার সময় দুই ঘণ্টা।

ভর্তির বয়সসীমা নির্ধারণ করে নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে (অর্থাৎ জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে)।

বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।

এছাড়া প্রতি শ্রেণীর প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা রয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণের পাশাপাশি ২০ শতাংশ আসন অন্যান্য এলাকার জন্য উন্মুক্ত থাকবে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটাই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে আবেদনের সুযোগ পাবে।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে।

বিভিন্ন কোটা সংরক্ষণের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

এসব কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে আসনগুলো সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির জন্য প্রতি শ্রেণীর শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে এবং বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে।

মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তান নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে এবং সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নীতিমালা অমান্য করে কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।