পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
পোশাকশিল্পে অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

লোকসমাজ ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভেতর কিংবা বাইরে থেকে উসকানি, নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে অর্থনীতি ও রপ্তানি খাত বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার বিষয়েও সতর্ক করা হয়েছে।

গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য দাবি ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা। মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, ভাঙচুর কিংবা সড়ক অবরোধের মতো ঘটনা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে বৈঠকে আলোচনা হয়।

সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের প্রতিবেদনও বৈঠকে তুলে ধরা হয়। এতে সাধারণ শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং উগ্রপন্থিরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে জানানো হয়। দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি বিভিন্ন মহলের উসকানির বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা নিষিদ্ধ রাজনৈতিক শক্তির পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ না দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এ ধরনের তৎপরতা শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, জনদুর্ভোগ সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক বা অস্থিরতা তৈরির অপচেষ্টা ঠেকাতেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। শ্রমিকদের যৌক্তিক দাবি ও অধিকার বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএসহ শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শ্রমিক কল্যাণ ও মজুরি বোর্ডকে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে সরকারি কাজে গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে বৈঠকে অবহিত করেন।

এ ছাড়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়। বৈঠকে ভ্যাট আইন, খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইনসহ সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়েও আলোচনা ও পর্যালোচনা করা হয়।

বৈঠকে সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পোশাকশিল্পের উৎপাদন অব্যাহত রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।