‘ক্যাশলেস চুকনগর বাজার’ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংকের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

0
খুলনার চুকনগরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস চুকনগর বাজার ও বাংলা কিউআর ক্যাম্পেইন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। ছবি: ভিডিও থেকে নেওয়া

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাজার গড়ার লক্ষ্যে ‘এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ ক্যাম্পেইন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় খুলনা রোডস্থ পূবালী ব্যাংক পিএলসি, চুকনগর শাখা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যতিন-কাশেম রোডে গিয়ে শেষ হয়। এরপর আদর্শ বস্ত্রালয় শপিং কমপ্লেক্সসংলগ্ন একটি অস্থায়ী ক্যাম্পেইন বুথ উদ্বোধন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক চুকনগর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার চন্দ্র শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান সরদার, মাহাবুবুর রহমান, আইয়ুব হোসেন এবং ব্যাংক কর্মকর্তা আবু সাইদ, উত্তম দত্ত, রাশেদুর রহমান, বঙ্কিম মল্লিক, মাহামুদুল হাসান, মো. আল আমীন, ওয়াসিফুর রহমান প্রমুখ। সভায় বক্তারা ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সুফল সম্পর্কে জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করেন।

ডিজিটাল লেনদেনের সুবিধার মধ্যে নগদ অর্থ ও ক্যাশ বহনের ঝুঁকি না থাকা, জাল নোটের ঝুঁকি এড়ানো, ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা না থাকা, চব্বিশ ঘণ্টা (২৪/৭) ব্যাংকিং সুবিধা উপভোগ করা এবং ছেঁড়া বা পুরোনো টাকার ঝামেলা থেকে মুক্ত থাকার মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।