ডুমুরিয়ায় চাঞ্চল্যকর তরিকুল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড

0
ডুমুরিয়ার চাঞ্চল্যকর তরিকুল ইসলাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী বাইতুল শেখকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে।। ছবি: সংগৃহীত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ার চাঞ্চল্যকর তরিকুল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও এজাহারনামীয় প্রধান আসামি বাইতুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডুমুরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পাবনা থেকে তাকে আটক করে।

সোমবার থানা পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

একই মামলায় আরিফুল ইসলাম নামের আরও এক আসামিকে সোমবার ডুমুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালামের ছেলে তরিকুল ইসলামকে রামকৃষ্ণপুর এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিম্পা শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের জানাজায় উপস্থিত হয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি অপরাধীদের গ্রেফতারে পুলিশকে সাত দিনের আলটিমেটাম দেন।

এরপর খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় জেলা পুলিশের কয়েকটি টিম আসামিদের ধরতে মাঠে নামে।

হত্যাকাণ্ডের দুই দিনের মাথায় এজাহারনামীয় দুজনকে গ্রেপ্তার করা হলেও মূল পরিকল্পনাকারী বাইতুল শেখ বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে আটক করতে পুলিশকে কিছুটা বেগ পেতে হয়।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো. খায়রুল আনাম জানান, গ্রেপ্তারকৃত বাইতুলের বিরুদ্ধে ডুমুরিয়া ও আড়ংঘাটা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।