সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ খুলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সুযোগ থাকছে না ঢাবি, জাবি ও বুয়েটে

0
এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও বুয়েট তাদের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করছে না।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ এইচএসসিতে সম্পূরক পরীক্ষা (সাপ্লিমেন্টারি) দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই সুযোগ নিশ্চিত করতে অনেক বিশ্ববিদ্যালয়ই তাদের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা নতুন করে আয়োজন করছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো প্রতিষ্ঠানগুলো সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা আগের ঘোষিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে।

এদিকে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যেখানে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিভাগ সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের নিয়ে এক সভায় আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আগামী ১০ ডিসেম্বর শুরু হয়ে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এবং ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বুধবার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সম্পূরক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ ও ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর আবেদন করতে পারবেন, তবে এর আগে অ্যাডমিশন পোর্টালে নিবন্ধন করার সুযোগ থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির গত বুধবারের সভায় জানুয়ারির পরিবর্তে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেখানে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন চললেও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ফল প্রকাশের পর আবেদনের জন্য সাত দিন সময় পাবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম জানান, ১৫ নভেম্বর ভর্তি কমিটির সভায় সব ছাত্রছাত্রীর জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত নেওয়া হবে এবং জানুয়ারির ১৭ ও ১৮ তারিখে পরীক্ষা হওয়ায় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা সহজেই অংশ নিতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম বিতরণ চলবে এবং ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি বিভিন্ন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন জানান, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন, তবে ফেল করলে দিতে পারবেন না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির ১০ নভেম্বরের সভায় ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে, যার বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় ১৫ নভেম্বরের পরিবর্তে পিছিয়ে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যাতে সম্পূরক পরীক্ষার্থীরা আবেদনের সুযোগ পান। তবে আবেদনের সময় বদলালেও পূর্বঘোষিত ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারিই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে এর বিপরীতে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষস্থানীয় তিনটি প্রতিষ্ঠান। বুয়েটের উপাচার্য একরামুল হক গত বুধবার জানান, আগামী ১৬ জানুয়ারি তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২১ নভেম্বর থেকে আবেদন ফরম বিতরণ শুরু হবে; তারা পরীক্ষার সূচি পরিবর্তন করবেন না। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটে ভর্তির সুযোগ পাবেন না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ায় সম্পূরক পরীক্ষার্থীরা সুযোগ পাবেন না।

এ ছাড়া গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পরীক্ষার সূচিতে পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন এবং পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে।