২১ জানুয়ারি প্রথম ধাপে ১৩১ উপজেলায় ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র

0
পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ধাপে কোথায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করা হবে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি নির্বাচন) আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসি’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান। তিনি জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার সুনির্দিষ্ট তালিকা ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইউপি নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার আমন্ত্রণ জানানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কমিশনার জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও পর্যাপ্ততা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো দাবি এখনো আসেনি এবং ডিসেম্বরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কোনো প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না বলে মনে করে কমিশন।

অন্যদিকে, কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যা নিয়েও আলোচনা হয়। গত চার-পাঁচ দিন ধরে সফটওয়্যারে সমস্যা থাকলেও এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে জানিয়েছে ইসি।

এছাড়া বৈঠকে স্পষ্ট করা হয়েছে যে, কোনো নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না এবং সংরক্ষিত ইভিএমগুলো ডিসপোজাল বা অপসারণের জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।