ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ সাত সদস্যের

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ সাতজন সদস্য সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরাদিম মোস্তাকিম মনির। এ সময় পরিষেদের হরিনাকুন্ডুর সদস্য আলাউদ্দীন, কালীগঞ্জের জসিম উদ্দীন সেলিম, মহেশপুরের লিটন মিয়া, কোটচাঁদপুরের রাজিবুল কবীর, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা খাতুন ও অনিতা বিশ্বাস উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ ছাড়াই একই প্রকল্প বার বার দেখিয়ে টাকা লোপাট করছেন হারুন অর রশিদ। শহরের হামদহ মনুমেন্টের পাশে একক সিদ্ধান্তে অবৈধভাবে রাস্তার পাশে মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে মার্কেট নির্মাণ করে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন। ধোপাঘাটা ব্রিজের পূর্বপাশে মার্কেট নির্মাণ ও মাটি ভরাটের কথা বলে জেলা পরিষদের ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ২০২২-২০২৩ অর্থ বছরে এডিপি এবং রাজস্ব থেকে দুস্থ মহিলাদের সেলাই মেশিন দেওয়ার কথা বলে ১৫ থেকে ২০ লাখ টাকা ও গরিব ছাত্র-ছাত্রীদের বাইসাইকেল কেনার নামে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। জেলা পরিষদের নামাজ ঘর, অফিস, ডাকবাংলো, ছাদ বাগান ও অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে খাল ও পুকুর একক সিদ্ধান্তে ইজারা দিয়ে সরকারি আইন ভঙ্গ করেছেন। এ ক্ষেত্রে তিনি কোনো সদস্যর মতামত নেন না। এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের এই দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার চার জন সংসদ সদস্য যৌথ স্বাক্ষরে গত ৯ মে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলামের কাছে অভিযোগ করেন। মন্ত্রী বিষয়টি আমলে নিয়ে সচিবকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দিলে কোনো সাড়া পাওয়া যায়নি।