রংপুরে তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক ও সুপারভাইজার আটক

0
রংপুরের তারাগঞ্জের জিগাতলা এলাকায় চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনার পর ক্ষুব্ধ জনতা কর্তৃক আটককৃত বাসটি ঘিরে বিক্ষোভের দৃশ্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রংপুরের তারাগঞ্জে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এক যাত্রীকে জিম্মি করার সময় তাকে বাঁচাতে এগিয়ে যাওয়ায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রোববার সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্যদের নামিয়ে দিলেও চাচা আতিককে জিম্মি করা হয়।

নিহত দুজনের স্বজনদের আহাজারি ।। ছবি: সংগৃহীত

বাসে থাকা অপর যাত্রী আতিক বসুনিয়া জানান, হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরে। তখন মুকুল ও শাকিব তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে চলন্ত বাস থেকেই দুজনকে লাথি মেরে ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।

পরে একটি মাইক্রোবাস ঘটনাটি দেখে চিকলীতে বাসটির পথরোধ করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি আটক করা হয়; নতুবা তাঁকেও মেরে ফেলা হতো বলে জানান তিনি।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস দলের সদস্য বেনজির আহমেদ জানান, সকাল আটটার দিকে জিগাতলা এলাকায় পৌঁছে তাঁরা সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন এবং সেখানে কোনো সড়ক দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তাঁদের বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে জানান যে, এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।