যশোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

হাসপাতালে ছিলেন না সিনিয়র চিকিৎসক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ রাতে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি থাকে না-এমন অভিযোগেরই প্রতিফলন দেখা গেল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডে কোনো বিশেষজ্ঞ বা সিনিয়র চিকিৎসক নেই।

খবর পেয়ে প্রতিমন্ত্রী হাসপাতালে এসেছেন-এমন সংবাদে পরে একে একে ছুটে আসেন কয়েকজন চিকিৎসক।

শুক্রবার দিনভর ব্যস্ত সময় কাটিয়ে রাতে হাসপাতালটি পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাহিদ সিরাজ জানান, রাত ৭টা ২০ মিনিটের দিকে প্রতিমন্ত্রী হাসপাতালে প্রবেশ করেন। তখন ওয়ার্ডে কোনো বিশেষজ্ঞ বা সিনিয়র চিকিৎসক ছিলেন না। কেবল ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন করছিলেন।

ছবি: সংগৃহীত।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চতুর্থ তলার পুরুষ পেয়িং বেডে চিকিৎসাধীন ঝিকরগাছার মোবারকপুরের সাবেক বিএনপি নেতা হাবিব খান এবং তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন পারুল বেগমের সঙ্গে কথা বলেন। এ সময় দুই রোগীই জানান, তাদের চিকিৎসার জন্য কোনো চিকিৎসক আসেননি।

বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের সেবিকাদের ডেকে অনকলে চিকিৎসক ডাকতে নির্দেশ দেন। পাশাপাশি কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এক ঘণ্টার মধ্যে ফোন করে তাঁকে জানাতে বলেন।

এদিকে প্রতিমন্ত্রীর হাসপাতালে আসার খবর পেয়ে মেডিসিন কনসালট্যান্ট ডা. মো. শরিফুল ইসলাম ও ডা. মো. তরিকুল ইসলামসহ কয়েকজন চিকিৎসক সেখানে ছুটে আসেন। তারা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করেন।

এ সময় পারুল বেগমের হৃদরোগজনিত সমস্যা শনাক্ত হলে তাকে দ্রুত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। অন্যদিকে, হাবিব খান মেডিসিনজনিত সমস্যায় পেয়িং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি: সংগৃহীত।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ওই দুই রোগী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিছুক্ষণ হাসপাতালে অবস্থানের পর প্রতিমন্ত্রী চলে যান। অভিযোগ রয়েছে, তিনি হাসপাতাল ত্যাগ করার পরপরই চিকিৎসকরাও হাসপাতাল ছেড়ে চলে যান।