লোকসানের মুখে শৈলকুপার চাষিরা: সরকারিভাবে ধান কেনার দাবি কৃষকদের

0
ঝিনাইদহের শৈলকুপার বাজারে নতুন আমন ধান উঠলেও বিঘাপ্রতি উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকায় লোকসানে পড়েছেন কৃষকরা। সরাসরি সরকারের কাছে ধান বিক্রির দাবি জানিয়েছেন তাঁরা।। ছবি: লোকসমাজ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের শৈলকুপার হাটবাজারগুলোতে নতুন আমন ধান উঠতে শুরু করলেও বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের মুখে হাসি নেই। উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় এবং বিঘাপ্রতি ফলনের হিসাব মেলাতে গিয়ে স্থানীয় কৃষকরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

শৈলকুপা সদর, রয়ড়া, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, শিতালি, ধাওড়া, হাট ফাজিলপুর ও লাঙ্গলবাঁধসহ বিভিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে। অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকারও বেশি। বর্তমান বাজারদরে এই পরিমাণ ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে কৃষকদের হাতে তেমন কোনো লাভ থাকছে না।

লাঙ্গলবাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ জানান যে তিনি ১১শ ৩০ টাকা দরে প্রতি মণ ধান বিক্রি করেছেন এবং সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে, তবেই কৃষক লাভবান হতে পারবে।

লাঙ্গলবাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন জানান, তিনি প্রতি মণ ধান ১১শ থেকে ১১শ ৫০ টাকা দরে কিনছেন। মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এবং উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও সেই তুলনায় ধানের দাম না বাড়ায় তারা ক্ষুব্ধ।

এ পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।

এদিকে উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান জানান, এবার প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে কৃষকরা ধান চাষ করেছেন এবং অন্যান্য বছরের তুলনায় এ বছর ধানের ফলনও বেশ ভালো হয়েছে।