যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে ছিনতাইয়ের অভিযোগ

0

 

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার যশোর ক্যান্টনমেন্ট কলেজের পশ্চিমে বাইপাস সড়কে বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সামির নামে এক যুবক। বান্ধবীর সামনে থেকেই তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে ৩ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবের কথা বলে তারা ছিনতাই করে বলে ওই যুবকের অভিযোগ। সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের বাসিন্দা সামির জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি বান্ধবীকে সাথে নিয়ে বাইপাস সড়কে বেড়াতে গিয়েছিলেন। এ সময় একটি অ্যাপাচি মোটরসাইকেল দুই যুবক আচমকা তাদের কাছে আসে। তারা এ সময় তার বান্ধবীকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে মোটরসাইকেল তুলে নেয়। পরে তাকে ক্যান্টনমেন্ট কলেজের পেছন এলাকায় মুখে চড় থাপ্পর মেরে তার কাছে ৫ হাজার টাকা দাবি করে। কিন্তু ৫ হাজার টাকা দিতে না পারায় তার কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এছাড়া বিকাশে থাকা আরো ১ হাজার টাকা তাদের দেয়া একটি বিকাশ নম্বরে দিতে বাধ্য করে। এরপর তাকে একটি ইজিবাইকে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা মুখে মাস্ক পরিহিত ছিলো। এরমধ্যে একজন মোটা ও কালো এবং অপরজন চিকন। ইজিবাইকেল তুলে দিয়ে দুর্বৃত্তরা তাকে জানিয়েছিলো,‘কেউ কিছু বললে তুই ভাইপো রাকিবের নাম বলবি’। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, এ ধরনের অভিযোগ শুনেছেন। তিনি ভুক্তভোগী যুবককে লিখিতভাবে অভিযোগ করতে বলেছেন।