খুলনার ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে জখমের ঘটনায় ২ জন গ্রেফতার, থানায় মামলা

0
খুলনার ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার ৫০ ঘণ্টা পর বাগেরহাটের ফকিরহাট থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ভুক্তভোগীর ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার ৫০ ঘণ্টা পর বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে তৈয়ব আলী ও মুহসিন শেখ নামের দুই ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে খুলনা জেলা পুলিশ।

গত ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাটের যাত্রাপুর (রহিমাবাদ) গ্রামের শেখ ইকরাম উদ্দিনের ছেলে ৫৮ বছর বয়সী সাইফুল ইসলামকে রক্তাক্ত জখম অবস্থায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ওয়াপদা সড়কের ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরবর্তীতে এক ভ্যানচালক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুলিশ ডুমুরিয়া থানার মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রচুর রক্তক্ষরণে সংজ্ঞাহীন হওয়ার পূর্বে সাইফুল পুলিশকে জানান যে, খুলনা জিরো পয়েন্ট থেকে তার পূর্বপরিচিত মো. তৈয়ব আলী ও মো. মহসিন শেখের সঙ্গে আড়ংঘাটা যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন এবং গুটুদিয়া ওয়াপদার রাস্তায় নির্জন এলাকায় পৌঁছালে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

সাইফুলের এই জবানবন্দীর ভিত্তিতে খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের তাৎক্ষণিক নির্দেশনায় ডুমুরিয়া থানা পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযানে নামে বলে জানান খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো. খায়রুল আনাম।

টানা ৫০ ঘণ্টার অভিযানের পর বাগেরহাটের ফকিরহাট থেকে প্রথমে তৈয়ব আলী এবং পরবর্তীতে শনিবার ভোরে মহসিন শেখকে একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা পুলিশের কাছে সাইফুলকে কোপানোর কথা স্বীকার করেছে এবং তারা ভেবেছিল সাইফুল মারা যাবে কিংবা নাম প্রকাশ করার মতো অবস্থায় থাকবে না।

এ ঘটনায় ভিকটিম সাইফুল ইসলামের ভাতিজা শরিফুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, যা তদন্ত করছেন থানার এসআই মো. আল আমিন মুনসী।

ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভিকটিম সাইফুল ইসলাম বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।