নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

0
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরীর পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, তাঁর ব্যক্তিগত ও সরকারি—উভয় মুঠোফোনেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাতেই এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল, তবে তখন মুঠোফোন জব্দের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

পরবর্তীতে গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার গুরুতর অভিযোগ আনা হয়েছে।