সাগরে নিম্নচাপ সৃষ্টি: দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি

0
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে দেশে বৃষ্টি হতে পারে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ-এ পরিণত হয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে এই নিম্নচাপের সৃষ্টি করে।

আজ সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮২৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

সম্ভাব্য এই নিম্নচাপটি ভারতের ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’, যা ইরানের দেওয়া একটি নাম এবং এর অর্থ ‘শক্তিশালী’।

উল্লেখ্য, এর আগে গত ২৮ অক্টোবর ‘অর্ণব’ এবং গত ৩ নভেম্বর ‘মুরাসু’ নামের দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হেনেছিল।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিঞা গণমাধ্যমকে জানান, আগের দুটি ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলাদেশে না পড়লেও এবারের পরিস্থিতি ভিন্ন হতে পারে। এই নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করতে পারে এবং বুধবার নাগাদ উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।