চৌগাছায় ব্যবসায়ী অপহরণে মামলা দায়ের

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় আলোচিত অপহরণের ঘটনায় চৌগাছা থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। ভুক্তভোগীর ছেলে উত্তম কুমার দে মঙ্গলবার বিকেলে মামলাটি করেন। ঘটনার রাতে জনতা, পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক দুই ব্যক্তি বর্তমানে যশোর ডিবি হেফাজতে আছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অপহরণের শিকার জুয়েলারি ব্যবসায়ী উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র নাথ দে- কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে ওই রাতেই আটক করা হয়। আটকরা হলেন, যশোর সদর উপজেলার ইছালি গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৪৫) ও যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের আব্দুল আজিজের ছেলে আবু সাঈদ আল মামুন বাবু (৪২)। বর্তমানে তারা যশোর ডিবি হেফাজতে আছে বলে পুলিশ জানিয়েছে। অপহরণের ঘটনায় ভুক্তভোগীর ছেলে মঙ্গলবার বিকেলে চৌগাছা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করেছেন।
ধীরেন্দ্র নাথ দের ছেলে উত্তম কুমার দে জানান, সোমবার সন্ধ্যায় তার পিতা যশোর শহরে যাওয়ার উদ্দেশে দোকান হতে বের হয়ে পরিবহন কাউন্টারের পাশে ব্যবসায়ী শ্যামল কুমারের দোকানে যান। কিন্তু শ্যামল কুমার বেশ আগেই শহরে চলে যাওয়ায় বাবা যশোর যাওয়া থেকে বিরত হন ও বাসায় ফিরতে থাকেন। তখনই সড়ক থেকে দুষ্কৃতকারীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বাবার কাছে থাকা ৫ লাখ টাকা ও ঘড়ি অপহরণকারীরা ছিনিয় নেয়। টাকা ও মালামাল আমরা এখনও ফেরত পাইনি। তার পিতা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।
থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, সকলের সহযোগিতায় আমরা অপহরণের দুই ঘন্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে পেরেছি। দুইজনকে আটক করা হয়েছে। তারা ডিবি হেফাজতে আছে। ভুক্তভোগীর ছেলে মামলা করেছেন। আমরা আসামি আটক ও খোয়া যাওয়া টাকা ও অন্যান্য মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছি।