ঝিনাইদহে ট্রাকে করে এক রাতেই ৬ গরু চুরি, খামারির মাথায় হাত

0
ঝিনাইদহে ট্রাকে করে এসে গোয়ালঘরের তালা ভেঙে ২০ লাখ টাকা মূল্যের ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র, সর্বস্বান্ত হয়ে দিশেহারা খামারি।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদরে ট্রাকে করে এসে এক রাতেই গোয়ালঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের এই গরুগুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন খামারি তারিকুল ইসলাম ও তাঁর পরিবার।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তারিকুল ইসলাম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিজের জমানো টাকা ও এনজিও থেকে ঋণ নিয়ে তিল তিল করে ছোট্ট এই গরুর খামারটি গড়ে তুলেছিলেন তারিকুল। গরু বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাঁর। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি।

কিন্তু ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে একটি গরুও নেই। খামারটিই ছিল তাঁর পরিবারের বেঁচে থাকার প্রধান অবলম্বন, ফলে এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, চোরেরা রাতে তারিকুলের খামার থেকে ২০ লাখ টাকা মূল্যের ছয়টি গরু নিয়ে গেছে। এর আগে কানুহরপুর ও বিষয়খালী গ্রামেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী বাধ্য হয়ে রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন এবং কানুহরপুর গ্রামে বেতনভুক্ত নৈশপ্রহরীও নিয়োগ করা হয়েছে।

প্রতিবেশী বসির উদ্দীন ও এলাকাবাসী সাজেদুর রহমান জানান, সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক চরম আকার ধারণ করেছে এবং রাতের নিরাপত্তা নিয়ে তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, এর আগে বেশ কয়েকটি আন্তঃজেলা চোরচক্রকে গ্রেপ্তারের পর কিছুদিন গরু চুরি বন্ধ থাকলেও বর্তমানে ফের চুরির ঘটনা বেড়েছে। ভুক্তভোগী তারিকুলের চুরি হওয়া গরু উদ্ধার এবং চোরচক্রকে আইনের আওতায় আনতে পুলিশ জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।