জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে স্মারকলিপি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্মৃতিস্তম্ভের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আবেদনপত্র ও স্মারকলিপি দিয়েছে জেলা শাখা জুলাইযোদ্ধা সংগঠন।

মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোরের পুলিশ সুপার বরাবর পৃথক আবেদনপত্র ও স্মারকলিপি প্রস্তুত করা হয়।

এতে স্বাক্ষর করেন জেলা শাখা জুলাইযোদ্ধা সংগঠনের আহ্বায়ক মো. আহাদ হোসাইন ও সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রাকিব।

আবেদনপত্রে বলা হয়, জুলাই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়; এটি গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, সংগ্রাম ও শহীদদের স্মৃতির ঐতিহাসিক প্রতীক। সেখানে অগ্নিসংযোগের ঘটনা জুলাইয়ের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন তাঁরা।