তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত, যশোরে নানা কর্মসূচি

0
তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত, যশোরে নানা কর্মসূচি
বরেণ্য রাজনীতিক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল তার কবরে ফাতেহা পাঠ করেন দলের সর্বস্তরের নেতা-কর্মী- লোকসমাজ

কবর জিয়ারত, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

 

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : আজ ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকাল থেকে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিককে স্মরণ করা হচ্ছে।

সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কবর জিয়ারত শেষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সেখানে পবিত্র কোরআন খানি চলে।

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত, যশোরে নানা কর্মসূচি

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী, তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।

আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু এবং জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা প্রমুখ।

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত, যশোরে নানা কর্মসূচি

দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তাসবিহ বিতরণ করা হয়।

এদিকে যশোর সদরসহ জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।