চৌগাছায় জমি নিয়ে বিরোধ: প্রায় এক বিঘা জমির ধরন্ত ড্রাগন গাছ কেটে সাবাড়

0
জমির বিরোধে ধ্বংস হওয়া ড্রাগন বাগানে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আলী।। ছবি: লোকসমাজ

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে প্রায় এক বিঘা জমির ধরন্ত ড্রাগন গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে সোমবার রাতের কোনো এক সময় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আলী জানান, তাঁর মালিকানাধীন ড্রাগন খেত নিয়ে একই গ্রামের মহিদুল ইসলাম ও ইয়াসিনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তাঁর দাবি, সেই শত্রুতার জের ধরে সোমবার রাতে অভিযুক্তরা বাগানে প্রবেশ করে ফলন্ত ড্রাগন গাছগুলো কেটে ধ্বংস করে। গাছগুলোতে বর্তমানে প্রচুর ফল ছিল, যা এই ধ্বংসলীলায় নষ্ট হয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় থানা পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ফসল ধ্বংসের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।