কালিয়ায় বিএনপির মিছিলে আ.লীগের হামলায় নিহত ২

0
কালিয়ায় বিএনপির মিছিলে আ.লীগের হামলায় নিহত ২
নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা- লোকসমাজ

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ : নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে হামলায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালান।

জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে একটি মিছিল বের করেন। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় বেন্দারচর এলাকায় অতর্কিত হামলার শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কৃষকদল নেতা মোঃ শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর এলাকা অতিক্রমের সময় হামলার ঘটনা ঘটে। এতে মোঃ শাহিন ও সোহেল মোল্যা নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।