চুয়াডাঙ্গায় কোটি টাকার সোনাসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোনাসহ সিকান্দার আলী নামে এক চোরাকারবারীকে আটক করেছে। রোববার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সিকান্দার আলী জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীনর মেদিনীপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সীমান্ত ইউপির গোয়ালপাড়া গ্রামের মোতালেব মাস্টারের আম বাগানের ডান পাশে একটি কাঁচা রাস্তার ওপর থেকে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন আকারের মোট ৮টি পিস সোনার বার উদ্ধার করা হয়। (৪ পিস সম্পূর্ণ, ৩ পিস ভাঙা ও ১ পিস ভাঙা টুকরো)। উদ্ধার এই সোনার মোট ওজন ৭৯৩.৬৯ গ্রাম। সিজার মূল্য এক কোটি চল্লিশ লাখ ছেচল্লিশ হাজার চারশ ছয় টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও বিজিবি জব্দ করেছে।

মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককে মোটরসাইকেলসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার সোনা চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাাগারে জমা করা হয়েছে।