নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই : রাশেদ খান

0
ছবি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ নতুন বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধের চেতনা ধারণ করতে হবে।

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। বিএনপি সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার প্রথমবারের মতো সারা দেশে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হচ্ছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করলেও স্বাধীনতার পর বাংলাদেশের ওপর বিভিন্নভাবে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী ও সাধারণ জনতার ঐতিহাসিক প্রতিরোধ।

১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান আগের সব আন্দোলনকে ছাড়িয়ে গেলেও বাংলাদেশের ইতিহাসে প্রকৃত বিপ্লব সংঘটিত হয়েছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর। ওই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সিপাহী ও জনতা।

১৫ আগস্ট ও ৩ নভেম্বরের সেনা অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানকে গৃহবন্দী করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এতদিন জাতিকে ভুল ইতিহাস ও ভুল বয়ান শোনানো হয়েছে। এখন সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরার।