খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান : যশোরের ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ক্লোজ ৮ জন

0
খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান: যশোরের ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, ক্লোজ ৮
এআই সহায়তায় প্রতীকী ছবি- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : খুলনা রেঞ্জ পুলিশের শৃঙ্খলা ও শুদ্ধি অভিযানের অংশ হিসেবে একযোগে প্রত্যাহার (ক্লোজ) করা ২৮ পুলিশ সদস্যের মধ্যে যশোরের রয়েছেন ৮ জন। তাঁদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অননুমোদিত আর্থিক সুবিধা গ্রহণ ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে তাঁদের পূর্বনির্ধারিত বদলির কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। যশোর জেলা পুলিশ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের একটি সূত্র জানায়, ২০২৬ সালের অক্টোবরের শেষ দিকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে পেশাগত অসদাচরণ, অনিয়ম ও অননুমোদিত আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে রেঞ্জ রিজার্ভ পুলিশ (আরআরএফ) ও সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে কনস্টেবল, বাবুর্চি, গাড়িচালক থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর (এসআই) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

যশোরে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়া তিন পুলিশ কর্মকর্তা হলেন—উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শিবু পদ মণ্ডল এবং শার্শা থানার এসআই আশীষ কুমার। তাঁদের মধ্যে অলোক কুমার দেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে, শিবু পদ মণ্ডলকে খুলনা আরআরএফ ট্রেনিং সেন্টারে এবং আশীষ কুমারকে ঝিনাইদহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, আগে বদলির আদেশ পাওয়া যশোরের আরও পাঁচ পুলিশ সদস্যকে তাঁদের নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন—কোতোয়ালি মডেল থানার এএসআই বাবর আলী, চৌগাছা থানার এএসআই শান্ত, জেলা বিশেষ শাখার (ডিএসবি) মোহাম্মদ আহাদ আলী এবং জেলা গোয়েন্দা শাখার আনিসুর রহমান ও তুষার কান্তি পাল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালনে অনিয়ম ও বেতন-ভাতার বাইরে আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে এসব কর্মকর্তার বিরুদ্ধে ডিআইজি কার্যালয়ে অভিযোগ ছিল। সম্প্রতি ডিআইজি কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।