যশোরে বিএনপির ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরান। এ সময় ইটের ফাঁকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান তিনি। বিষয়টি পরে স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান শাহিন।

খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে আসেন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে এসআই ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

এসআই ফজলু বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে বস্তুটি রেখে যেতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ তিনি জানান, ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ধার করা বস্তুটি পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি: লোকসমাজ।

এদিকে, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’ তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটির প্রকৃতি ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।